পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের আপত্তির কারণে নয়, বরং কারিগরি ত্রুটির জন্য বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালান আটকে আছে বলে জানিয়েছে ইসলামাবাদ। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা অতিক্রমের আবেদন নির্দিষ্ট প্রোটোকল মেনে পর্যালোচনা করা হয়। বিভিন্ন প্রতিবেদনে যা এসেছে, তা মূলত ফ্লাইট রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতির মতো কারিগরি ও পদ্ধতিগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।
বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মিত্র উল্লেখ করে হাইকমিশন জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত। উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের চালান ঢাকায় আসার কথা ছিল, কিন্তু তা এখনও এসে পৌঁছায়নি।



