জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত ‘রেসিডেন্ট এভিল’ সিরিজের নতুন কিস্তি মুক্তির আগেই প্রিভিউ প্রদর্শনী থেকে আয় করেছে ৮৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা। এটি ‘রেসিডেন্ট এভিল’ ফ্র্যাঞ্চাইজির যেকোনো সিনেমার সর্বোচ্চ প্রিভিউ আয় এবং পরিচালক জ্যাক ক্রেগারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং হতে চলেছে।
যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহান্তে ছবিটি চার থেকে পাঁচ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৭ কোটি ৫০ লাখ ডলার বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে সফল হলে জ্যাক ক্রেগারের জন্য এটি হবে টানা দ্বিতীয় বড় সাফল্য। গত বছর মুক্তি পাওয়া তাঁর ‘ওয়েপনস’ সিনেমাটি বিশ্বজুড়ে ২৭ কোটি ডলার আয় করেছিল।









