রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ আলামত পাওয়া গেছে। খেজুরের বিচি, শসার টুকরা ও বিড়ির শেষাংশে তাদের ডিএনএ শনাক্ত হয়েছে। নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছায় মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নমুনা পরীক্ষার পর এই তথ্য নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা। ডিএনএ প্রতিবেদন, আলামত, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণে দুজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। আগামী এক মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।





