দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি ও ভাঙচুরের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২০ মাসে চার মোবাইল অপারেটরের নেটওয়ার্ক থেকে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে। এছাড়াও টাওয়ারের রিমোট রেডিও ইউনিট (আরআরইউ) ও বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) কার্ডও চুরি যাচ্ছে।
মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন অ্যামটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) দেওয়া এক চিঠিতে এই তথ্য জানিয়েছে। চুরির ঘটনায় স্থানীয়ভাবে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি চুরির শিকার হয়েছে টেলিটক।





