মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ 'মিউজ' বাজারে আসার পর দ্রুত ব্যবহারকারী টানছে। অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, বাজারে আসার প্রথম ১২ দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজ যতবার ইনস্টল করা হয়েছে, তা একই সময়ে চ্যাটজিপিটির চেয়ে বেশি। শুধু ইনস্টলের সংখ্যাই নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও মিউজ এগিয়ে রয়েছে।
তবে এই হিসাব তৃতীয় পক্ষের অনুমান এবং সরাসরি তুলনা কিছুটা কঠিন। কারণ চ্যাটজিপিটি শুরুতে শুধু আইফোনে পাওয়া যেত, যেখানে মিউজ আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় ফোনেই পাওয়া যাচ্ছে। অ্যাপটোপিয়া দুই অ্যাপের প্রথম ১২ দিনের যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোনের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করে দেখেছে, মিউজ ১৮ লাখ বার এবং চ্যাটজিপিটি ১৩ লাখ বার নামানো হয়েছে। বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজ মোট ২৮ লাখবার ইনস্টল হয়েছে বলেও জানিয়েছে অ্যাপটোপিয়া।




