রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের জড়ো করা, অস্ত্র সরবরাহ এবং এক্সক্যাভেটর আনার সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে, যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামলার আগে তাদের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা জড়ো হয় এবং পরে সেখান থেকে স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়।
স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা। এই সমিতির কার্যক্রমের সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যারা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পুলিশ এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে।



