মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবুল শিকদার (৫৭) নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল বের করেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিশুটিকে একা পেয়ে হাবুল শিকদার ধর্ষণচেষ্টা চালান। বিষয়টি জানাজানি হলে তিনি পালিয়ে যান। পরে আপস-মীমাংসার চাপ উপেক্ষা করে এলাকাবাসী অভিযুক্তের বিচারের দাবিতে মিছিল বের করলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








