ভারতের মণিপুর রাজ্যের কামজং জেলায় সন্দেহভাজন উগ্রপন্থীদের গুলিতে চার নাগা নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় কাংপোকপি জেলার তিনটি গ্রামে প্রায় ৪০টি বাড়ি ও একটি চার্চে আগুন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) বিধায়ক অবাংবাউ নিউমাই জানিয়েছেন, ২৩ ও ২৪ সেপ্টেম্বর কাংপোকপি জেলার পিপুরাম, চাম্রিউপিউ এবং থেব্রামে সন্দেহভাজন কুকি উগ্রপন্থীরা নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং সরকারি স্কুল, চার্চসহ একাধিক ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
কামজংয়ের পিলংয়ে কুকি সশস্ত্র গোষ্ঠী ‘কুকি ন্যাশনাল আর্মি (বার্মা)’ বা কেএনএ (বি) হামলায় চারজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। বিধায়ক সব সম্প্রদায়কে সহিংসতা ত্যাগ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার আহ্বান জানিয়েছেন। অব্যাহত হামলার মুখে পড়ে গ্রামবাসী ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।








