জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ্ বিদ্যমান বৈশ্বিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অস্ত্র পরিবহন ব্যবস্থা নিখুঁত হলেও সাধারণ মানুষের খাদ্য প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার ব্যবস্থা ভেঙে পড়েছে। ৩৬ বছর বয়সী এই তরুণ নেতা জলবায়ু সুবিচারের পক্ষে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিত্ব করেন।
তিনি উল্লেখ করেন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সময়মতো গন্তব্যে পৌঁছালেও নেপালের কৃষকরা প্রয়োজনের সময় সার বা জ্বালানি পান না। বালেন শাহ্ বলেন, আমরা এমন এক পৃথিবী তৈরি করেছি যেখানে যুদ্ধের লজিস্টিকস নিখুঁত, কিন্তু খাদ্যের লজিস্টিকস সম্পূর্ণ অকার্যকর। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো জলবায়ু পরিবর্তনের শিকার যা তারা তৈরি করেনি এবং যুদ্ধের ধাক্কা সহ্য করছে যা তারা শুরু করেনি।







