বাংলাদেশ সরকার এবার দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে না। ফলে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের সরবরাহ না থাকার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতার মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ সরকার নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেয়, যা সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এসে থাকে। তবে এবার এখনো কোনো অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশ বর্তমানে ভারতে ইলিশ রপ্তানি স্থগিত রেখেছে।
পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানির সুযোগ না থাকায় এবার দুর্গাপূজার বাজারে পদ্মার ইলিশ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশে ৭ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে, ফলে এরপর ভারতে পাঠানোর সময়ও থাকবে না।







