ভারতে পাচারের প্রায় এক যুগ পর বাংলাদেশি এক কিশোরীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ওই কিশোরী বিজিবিকে জানায়, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী চক্র তাকে ভারতে নিয়ে বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়। সম্প্রতি সে বাংলাদেশে ফিরে আসে।
গত রোববার রাতে পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মঙ্গলবার কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।





