ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তির সময়সীমা আগামী নভেম্বরে শেষ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর চুক্তিটি আর নবায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে নির্ধারিত মেয়াদ শেষে এই দুই শীর্ষ সরকারি হাসপাতালে ডায়ালাইসিস চিকিৎসার পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের সরাসরি অধীনে চলে আসছে। ২০১৫ সালে সম্পাদিত এই চুক্তির পর থেকে প্রতিষ্ঠানটি ডায়ালাইসিস কার্যক্রম পরিচালনা করে আসছিল।
অতিরিক্ত ফি আদায়সহ নানা প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় নিরবচ্ছিন্ন ডায়ালাইসিস সেবা নিশ্চিত করার লক্ষ্যে জনবল নিয়োগ ও প্রশিক্ষণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই হাসপাতাল দুটির পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হচ্ছে, যাতে রোগী চিকিৎসা ব্যাহত না হয়।






