বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এই চুক্তিকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি দারুণ অর্জন হিসেবে অভিহিত করেছেন।
এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করেছিল বিমান। সেই চুক্তির আওতায় ছিল আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ। এই নতুন চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে। তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।





