আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে এমন আশঙ্কায় এই পতন দেখা গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫৫ ডলারে নেমেছে। একই সঙ্গে মার্কিন ডলার দুই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি স্থির রয়েছে, যা স্বর্ণকে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ব্যয়বহুল করে তুলেছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন, যদিও শিগগিরই একটি সমঝোতার ইঙ্গিতও দিয়েছেন। বস্টন ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট সুদহার বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ব্যাংক অব জাপান ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও সম্প্রতি সুদহার বাড়িয়েছে। বিএমআইয়ের বিশ্লেষকেরা ২০২৬ সালে স্বর্ণের গড় দাম প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলার থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন।






