২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের জন্য অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার দেশের সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে পাঠানো আদেশে বলা হয়েছে, হজ অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে। গ্রাহকদের অর্থ জমা দেওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।






