বিহার শরিফে একটি গয়নার শোরুম উদ্বোধনে গিয়ে প্রবল জনরোষের মুখে পড়েন ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘবানি। তাঁকে দেখতে আসা মানুষের ভিড় একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে না পেরে আয়োজকরা অন্য পথ দিয়ে তাঁকে বের করে নিয়ে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কাজলকে বহনকারী গাড়িটি ভিড় ঠেলে বের হওয়ার চেষ্টা করছে এবং উত্তেজিত জনতা গাড়িটির পেছনে ছুটছে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা গাড়ির কাচও ভেঙে ফেলে। পুলিশের দাবি, অনুষ্ঠানটির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।





