৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) ফিলিস্তিনি নির্মাতা হোসাম আবু দানের ‘থার্টিন ইন গাজা’ ছবিটি নেটপ্যাক পুরস্কার জিতেছে। যুদ্ধবিধ্বস্ত গাজার একটি শরণার্থীশিবিরে বেড়ে ওঠা ১৩ বছর বয়সী এক কিশোরীর জীবন নিয়ে নির্মিত এই ছবিটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম বা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করা পরিচালকদের কাজের মধ্য থেকে নির্বাচিত হয়।
গত রোববার ১১ দিনব্যাপী চলা এই উৎসবের শেষ দিনে পুরস্কার ঘোষণা করা হয়। ‘থার্টিন ইন গাজা’ ছবিটি গাজার চলমান পরিস্থিতির মধ্যে মানুষের দুর্ভোগকে নিছক প্রদর্শনী বা ভুক্তভোগিতায় পরিণত না করে জীবনের জটিলতাকে শক্তিশালী দৃশ্যের মাধ্যমে তুলে ধরেছে বলে জুরি প্রশংসা করেছে।





