দক্ষিণী সিনেমার রোমান্টিক নায়িকা হিসেবে পরিচিত রাশমিকা মান্দানা এবার অ্যাকশন-নির্ভর চরিত্রে হাজির হচ্ছেন। আসন্ন সিনেমা ‘মাইসা’-তে তাকে এক ভিন্ন রূপে দেখা যাবে, যার টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। টিজারে রাশমিকার মারকাটারি অ্যাকশন দর্শকদের মুগ্ধ করেছে।
নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় রাশমিকা এক সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন। জীবনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের পথ তৈরি করা এক নারীর গল্প এতে উঠে এসেছে। টিজারে কাস্তে হাতে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়া, পানির নিচে লড়াই এবং মোটরসাইকেল চালানোর মতো দৃশ্যগুলো নজর কেড়েছে। এই ভিন্নধর্মী রূপান্তরের জন্য রাশমিকাকে শারীরিক ও মানসিকভাবে কঠোর প্রস্তুতি নিতে হয়েছে, এমনকি শুটিংয়ের সময় তিনি আহতও হয়েছিলেন। সিনেমাটি আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।





