বাংলাদেশকে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও শক্তিশালী করার জন্য ২০ কোটি ডলার (প্রায় ২ হাজার ৪৬০ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ ঢাকার আশপাশের উপশহরীয় এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা, দক্ষতা ও সহনশীলতা বাড়াতে ব্যবহার করা হবে। ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি সমিতির বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নত করা হবে।
এডিবির আবাসিক প্রতিনিধি ছিংফেং ঝাং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য আধুনিক বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক অপরিহার্য। এই প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত চাপের সাবস্টেশন, পুরোনো অবকাঠামো, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে ক্ষতি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে। এডিবি ছাড়াও এই প্রকল্পে বাংলাদেশ সরকার, বিআরইবি এবং কোরিয়া সরকারের অর্থায়ন ও কারিগরি সহায়তা থাকবে।






