স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি দীর্ঘ ২০ বছর ধরে নির্যাতন সহ্য করে জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি লংমার্চের নামে কয়েকশ গাড়ি নিয়ে গেছে এবং লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছে। একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ সজাগ। বর্তমান সরকার এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে এবং দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে উদ্যোগ বাস্তবায়ন করছে।




