ঢাকার মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলাকালে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশন কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় একটি দোকানে আগুন লাগে এবং তিনটি ময়লার গাড়িসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উচ্ছেদকালে একটি ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে দোকানে আগুন লাগে। আগুন লাগার পর হকাররা ক্ষুব্ধ হয়ে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ৩০ জনকে আটক করা হয়েছে।




