সামাজিক সুরক্ষা ও ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেবল নগদ সহায়তা হিসেবে না দেখে এর মাধ্যমে পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে সামাজিক সুরক্ষাকে এখন কেবল নগদ অর্থ হস্তান্তরের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর দীর্ঘমেয়াদি ফল বা আউটকামের ওপর জোর দেওয়া হচ্ছে। আজীবন কোনো পরিবারকে ভাতার ওপর নির্ভরশীল না রেখে তারা যেন নিজেদের জীবন নিজেরাই পরিচালনা করতে পারে, ফ্যামিলি কার্ডের মূল দর্শনও তাই।
প্রতিমন্ত্রী জানান, উপকারভোগী নারীরা এই ভাতার টাকা মূলত সন্তানদের পুষ্টি নিশ্চিতকরণ, শিক্ষা খরচ এবং নিজস্ব চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য ব্যয় করছেন। এছাড়া একটি উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রাপ্ত ভাতার টাকা সঞ্চয় করছেন, যা পরবর্তীতে তাদের ক্ষুদ্র বা কুটির শিল্পে বিনিয়োগের মানসিকতা নির্দেশ করে। তথ্য সংগ্রহের স্বচ্ছতা ও জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।





