প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে রয়েছেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর এই নিউইয়র্ক সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে। সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিয়ে দেশের অবস্থান তুলে ধরবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফর এবং সাধারণ পরিষদের বিশ্বমঞ্চে প্রথম ভাষণ।






