জনপ্রিয় দক্ষিণী অভিনেতা নানি সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘দ্য প্যারাডাইস’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে নারীদের ঐতিহ্যবাহী বেণি বাঁধার স্টাইল নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেন, বর্তমানের নারীরা পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ঐতিহ্যবাহী বেণি বাঁধা ভুলে যাচ্ছে এবং তার নতুন সিনেমার ‘জাদাল’ চরিত্রটি এই ফ্যাশন ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।
নানির এই মন্তব্যের জবাবে এক নারী সাংবাদিক বলেন, সিনেমার জন্য পরচুলা ব্যবহার না করে তিনি নিজে লম্বা চুল রাখলে নারীরা তার কথা শুনতেন। ব্যস্ততার কারণে নারীদের সময় থাকে না বলেও তিনি উল্লেখ করেন। নেটিজেনদের কেউ কেউ বিষয়টিকে সাধারণ আড্ডা বললেও, অনেকে নারীদের জীবনধারা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য নানির সমালোচনা করছেন।









