সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম স্বীকার করেছেন যে তিনি তার দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের ফ্ল্যাটে প্রথম স্ত্রীর সঙ্গে থাকার সুযোগ দিলেও তাকে যথাযথ মর্যাদা দিতেন না। প্রায়ই তাকে শয়নকক্ষের পাশের বারান্দায় রাত কাটাতে হতো, যা শারীরিক ও মানসিক নির্যাতনের শামিল ছিল।
গত ২০ সেপ্টেম্বর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা আদালতকে আরও জানিয়েছেন যে, নজরুল ইসলাম জিজ্ঞাসাবাদে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারে কার্যকর ভূমিকা রাখবে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করে বলেন, নজরুল একজন হার্টের রোগী, বীর মুক্তিযোদ্ধা এবং আইন প্রণেতা, তাই তার জামিন প্রয়োজন।



