সমুদ্রে জাহাজ থেকে সরাসরি তেল খালাসের জন্য নির্মিত ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রয় কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানটি ১২ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এ কাজ করবে। এই প্রকল্পের মাধ্যমে আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে সরাসরি রিফাইনারিতে পৌঁছানো যাবে, যা আগে লাইটার জাহাজে স্থানান্তর করতে ১১-১২ দিন সময় লাগত। এসপিএম চালু হলে এই সময় ৪৮ ঘণ্টায় নেমে আসবে এবং বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।






