ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ বুধবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছিলেন বিরোধী দলগুলোর প্রায় ৩০০ সংসদ সদস্য। এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করে পুলিশ।
এর আগে যন্তর মন্তর থেকে সামান্য দূরে জনপথের সাগররত্ন রেস্তোরাঁয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া এক মধ্যাহ্নভোজ শেষে রাহুল গান্ধী এই বিক্ষোভের ঘোষণা দেন। সাংবাদিকদের রাহুল বলেন, ‘আমাদের ৩০০ সংসদ সদস্য নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাই আজ আমাদের পরিকল্পনা হলো যন্তর মন্তরে বিক্ষোভ করা।’







