ভারতের কেরালা পুলিশের ল্যাব্রাডর প্রশিক্ষিত কুকুর সামান্থা দশ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) পাঠানামথিট্টা জেলা পুলিশ বাহিনী থেকে তার বিদায় জানানো হয়। অবসরের পর সামান্থার দেখভালের দায়িত্ব নিয়েছেন তার বর্তমান হ্যান্ডলার জর্জ অ্যান্টনি। পুলিশের নথিতে কে-৯-২৮৬ নামে পরিচিত সামান্থা বিভিন্ন অভিযান, তল্লাশি ও মাদকবিরোধী অভিযানে অংশ নিয়েছিল।
পাঠানামথিট্টা জেলা পুলিশ সদর দপ্তরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সামান্থাকে আনুষ্ঠানিকভাবে জর্জ অ্যান্টনির কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশ প্রধান আর. আনন্দ সামান্থার দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করেন। মাদক শনাক্তকারী কুকুর হিসেবে সামান্থা ৩৫০টির বেশি তদন্তে সহায়তা করেছে এবং কোটি রুপি মূল্যের মাদক শনাক্ত করেছে। সে ২০২৩ সালের স্টেট পুলিশ ডিউটি মিটেও তৃতীয় স্থান অর্জন করেছিল।




