তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে ওয়ানিং ‘হেদার’ ঝাং নামে এক রিয়েল এস্টেট এজেন্টকে গ্রেপ্তার করেছে এফবিআই। ক্যালিফোর্নিয়ার আর্ভাইন শহরের বাসিন্দা ঝাং সাংহাইগামী একটি বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে আটক হন।
অভিযোগ, তিনি চীন সরকারের নিবন্ধিত এজেন্ট না হয়েও অবৈধভাবে লাই তিং-ইউ এবং তাঁর পরিবারের ওপর নজরদারি চালাচ্ছিলেন। ঝাং ও তার সহযোগী নেভাদা থেকে সিয়াটলে গিয়ে প্রেসিডেন্টের ছেলের বাসভবনের ছবি তোলেন এবং পরিবারের সদস্যদের ভিডিও রেকর্ড করেন। এই তথ্য উইচ্যাট অ্যাপের মাধ্যমে চীনের সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এফবিআই জানায়, তাইওয়ানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতে রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য বেইজিং এই তথ্য সংগ্রহ করছিল।








