জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য আনা এবং এখান থেকে দেশের অন্য এলাকায় পাঠানোর খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাবনা থেকে পেঁয়াজ নিয়ে আসা এক ট্রাকচালকের হিসাবে, শুধু ডিজেল খরচই ৪ হাজার ৪০০ টাকা বেড়েছে। খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিসের আড়তে পাবনা থেকে আসা এক ট্রাক পেঁয়াজের ভাড়া ২৮ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার ৫০০ টাকা হয়েছে। কুষ্টিয়া থেকে পণ্য আনার ভাড়া ৩২ হাজার থেকে বেড়ে ৪০ হাজার টাকা চাওয়া হচ্ছে।
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, পরিবহনের এই বাড়তি খরচ শেষ পর্যন্ত চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন নিত্যপণ্যের দামে যুক্ত হবে। খাতুনগঞ্জ দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার হওয়ায় এখানে পণ্য পরিবহনে দুই দিকেই জ্বালানির বাড়তি খরচ যুক্ত হচ্ছে। এতে পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা।





