জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এই ভাড়া বৃদ্ধি শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে; শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের ভাড়ার ওপর এর প্রভাব পড়বে না।
বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ভাড়ার হার নির্ধারণে ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের আসন সংখ্যা বিবেচনা করা হয়েছে। দূরপাল্লার পথে আরামদায়ক করার জন্য আসন সংখ্যা কমানো হলে ভাড়ার তারতম্য হতে পারে। পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে।





