বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা খোয়ান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত বুধবার নাটোর সদর থানায় তাঁর কান্নার ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে রাজধানীর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদের। এরপর ক্রিলকে একটি ম্যাকবুক উপহার দেন তিনি। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। তাঁর চাওয়া, বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন।
মুক্তি মাহমুদ বলেন, ‘বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। ওর বয়সী আমারও একটা ছেলে আছে। সে বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে আরও নাড়া দেয়।’



