পুঁজিবাজারে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির শিকার হওয়া বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। খেলাপি হওয়া পাঁচটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৩৩২ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ৭২ কোটি টাকা ফেরত দেবে ডিএসই। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এই অর্থ দেওয়া শুরু হবে। বিনিয়োগকারী সুরক্ষা তহবিল (আইপিএফ) থেকে এই অর্থ পরিশোধ করা হবে।
ডিএসইর তথ্যমতে, মশিউর সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, বাঙ্কো সিকিউরিটিজ ও শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড—এই পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করে বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হন। এখন পর্যন্ত ৩৭ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা আইপিএফ থেকে পরিশোধ করা হবে, যা ১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারীর শতভাগ পাওনা নিশ্চিত করবে।





