বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ৭১ বছর বয়সে রবিবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সত্তরের দশকে বাংলা চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
১৯৭২ সালে ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া মিঠু মুখার্জি ‘মর্জিনা আবদুল্লা’, ‘নিশিকন্যা’, ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে ‘আশ্রিতা’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরলেও নিয়মিত অভিনয়ে দেখা যায়নি তাকে। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





