কুমিল্লায় আলোচিত ‘রতন গ্রুপ’ কিশোর গ্যাংয়ের প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে একটি রাজনৈতিক মিছিলে দেখা গেছে। গত বুধবার কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বে আয়োজিত মিছিলে রতনকে তার পেছনে হাঁটতে দেখা যায়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানের মধ্যেই এমন ঘটনা প্রশ্নবিদ্ধ হয়েছে।
ছাত্রদল নেতা মহসিন দাবি করেছেন, তিনি রতনকে চিনতেন না এবং স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষায় এসেছিলেন। তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্রদলে অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের প্রশ্রয় দেওয়া হয় না। মহানগর ছাত্রদল জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সম্পৃক্ততা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।









