ভারতের বিহারে রোহিত তিওয়ারি নামে এক যুবককে পুলিশ পরিচয়ে ট্রেনে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় এবং টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ বছর বয়সী রোহিত নিজেকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ধূমপান বা টিকিট সংক্রান্ত অপরাধের কথা বলে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করতেন।
২১ বছর বয়সী নিতিন কুমার নামে এক নিখোঁজ শ্রমিকের ঘটনার তদন্তে এই অপরাধীর সন্ধান মেলে। নিতিনের পরিবার অভিযোগ করার পর পুলিশ তদন্তে নেমে রোহিতকে গ্রেফতার করে। রোহিতের দেওয়া তথ্যের ভিত্তিতে নিতিনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রোহিতের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।








