ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত এবং ভূমিসেবা কার্যক্রমে জবাবদিহি বাড়াতে প্রযুক্তিনির্ভর ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ চালু করেছে। এই অ্যাপে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা নিবন্ধন করা যাবে। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বৃহস্পতিবার এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় পাইলটিং কার্যক্রম চলছে। পাইলট প্রকল্পের আওতায় ৬১০টি কার্যালয়ের ৯১৯ কর্মকর্তা-কর্মচারীকে এর আওতায় আনা হয়েছে। পাইলটিংয়ের অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের সব ভূমি অফিসে এই ব্যবস্থা চালু করা হবে। অ্যাপের মাধ্যমে কর্মস্থলে পৌঁছানোর পর চেক-ইন এবং কর্মদিবস শেষে চেক-আউট করা যাবে, এমনকি ছুটির আবেদনও দাখিল করা যাবে।


