দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী সন ইয়ে-জিন চার বছর পর টেলিভিশন সিরিজে ফিরেছেন। তিনি 'দ্য স্ক্যান্ডাল' নামের আট পর্বের একটি ঐতিহাসিক কোরিয়ান সিরিজে অভিনয় করেছেন, যা ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। জোসন যুগের পটভূমিতে নির্মিত এই সিরিজটি প্রেম, আকাঙ্ক্ষা, প্রতারণা ও সামাজিক বিধিনিষেধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সন ইয়ে-জিন এই সিরিজে চো নামের এক জটিল চরিত্রে অভিনয় করেছেন, যিনি তৎকালীন সামাজিক নিয়ম ভেঙে নিজের ইচ্ছা পূরণে সচেষ্ট থাকেন।
সিরিজটি ২০০৩ সালের চলচ্চিত্র 'আনটোল্ড স্ক্যান্ডাল'-এর নতুন রূপ, যার মূল উৎস ফরাসি উপন্যাস 'দ্য ডেঞ্জারাস লিয়াজোঁ'। নির্মাতারা ২০২৬ সালের দর্শকের দৃষ্টিকোণ থেকে চরিত্র ও সম্পর্কগুলোকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সন ইয়ে-জিন এই ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত, কারণ এটি তাকে মানবিক আকাঙ্ক্ষা ও ইচ্ছার নিষিদ্ধ প্রকাশ নিয়ে কাজ করার সুযোগ দিয়েছে।





