তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আসন্ন আলজেরিয়া সফরের প্রস্তুতি নিয়েও দুই পক্ষ আলোচনা করে।
রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হকও উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।






