স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন যে, একটি বেসরকারি সংস্থা কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে। তিনি বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলছে।
প্রতিমন্ত্রী জানান, প্রায় ১২৮ কোটি টাকা ব্যয়ে সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত সড়ক নির্মাণের পরিকল্পনা থাকলেও ‘বেলা’ নামের একটি পরিবেশবাদী সংস্থা উচ্চ আদালতে গিয়ে নিষেধাজ্ঞা আনায় প্রকল্পের কাজ আটকে গেছে। তিনি আরও বলেন, সমুদ্রতীরের ৩০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা এবং ৫০০ মিটার দূরত্বে একতলা ভবন নির্মাণের নির্দেশনা থাকায় পর্যটকদের আবাসন সংকট দেখা দিচ্ছে।




