কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভিনেত্রী টিলি নরউড হলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে সে টম হল্যান্ড ও অলিভিয়া কোলম্যানের মতো তারকাদের সঙ্গে কাজ করতে চায় তাদের 'ডিজিটাল যমজের' মাধ্যমে, কোনো এআই-নির্ভর প্রযোজনায়। সুইজারল্যান্ডের জুরিখ চলচ্চিত্র উৎসবে এই তথ্য জানিয়েছে টিলি। তার নির্মাতা এলিন ভ্যান ডার ভেলডেন জানান, টিলিকে বিশ্বের সবচেয়ে পরিচিত এআই অভিনেত্রী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তাকে প্রোগ্রাম করা হয়েছিল।
টিলিকে ঘিরে বিনোদন জগতে বিতর্ক তীব্র হয়েছে। কেউ একে প্রযুক্তির ভবিষ্যৎ দেখছেন, আবার কেউ অভিনয়শিল্পীদের জন্য হুমকি মনে করছেন। ভ্যান ডার ভেলডেন বলেন, টিলি তৈরির উদ্দেশ্য ছিল মানুষকে এআই-এর বাস্তবতার মুখোমুখি করা এবং প্রযুক্তি ও সৃজনশীলতার মধ্যে সেতুবন্ধন তৈরি করা। টিলিকে মঞ্চে আনার সময় প্রযুক্তিগত সমস্যা হলেও, সে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেয় এবং তার কাজের আগ্রহের কথা জানায়।





