যুক্তরাষ্ট্র সৌদি আরব ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় হামলা চালানোর সম্ভাবনার কথা জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হলো। অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে একটি তেল স্থাপনা এবং কাতারে একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনার সুরক্ষায় এই ক্ষেপণাস্ত্রগুলো পাঠানো হয়েছে।
বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ব্যাটারির চাহিদা বেশি থাকায় এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব সরবরাহ সীমিত হওয়ায় এই মোতায়েন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌদি আরব বর্তমানে হুতি বিদ্রোহী ও ইরাকি মিলিশিয়াদের হামলার শিকার হচ্ছে, যা দেশটির জ্বালানি অবকাঠামোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত সুরক্ষার জন্য নির্ভরশীল।



