পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেট কোচ রবি শাস্ত্রী। তিনি ইমরানের প্রতি পাকিস্তানের প্রশাসনের আচরণকে 'অমানবিক' বলে তীব্র নিন্দা জানিয়েছেন। শাস্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, কোনো মানুষের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে এবং তাঁর ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে বলে জানা গেছে।
রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, তিনি রাজনীতিবিদ না হলেও ইমরানের সঙ্গে যা হচ্ছে তা দেখে অবাক। তিনি মনে করেন, বিশ্বের অনেক ক্রিকেটারই একই কথা বলবেন। তিনি ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর ক্রিকেট জীবনের প্রশংসা করেন, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তাঁর দক্ষতার কথা তুলে ধরেন।










