থাইল্যান্ডের কিশোরী নেনে রয়্যাল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মঞ্চ 'আমেরিকা’স গট ট্যালেন্ট' (এজিটি)-এর ২১তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন। ফুকেটের স্থানীয় বাজারে গিটার হাতে গান গেয়ে জীবন শুরু করা নেনে এবার জিতে নিয়েছেন ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩১ লাখ টাকা) পুরস্কার। তিনি এজিটির ইতিহাসে প্রথম থাই বিজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন।
নেনে রয়্যালের আসল নাম রাত্তিকান আমলয়। মাত্র সাত বছর বয়সে সংগীত ক্লাবে যোগ দিয়ে গিটার হাতে নেওয়া এই কিশোরী অনলাইনে দেখে দেখে নিজেই গিটার বাজানো শেখেন। ফুকেটের নাকা উইকেন্ড মার্কেটে নিয়মিত পারফর্ম করার অভিজ্ঞতা তাঁকে মঞ্চের জন্য প্রস্তুত করে তোলে। এক মার্কিন পর্যটকের সহায়তায় তিনি এজিটির আন্তর্জাতিক অডিশনে অংশ নেওয়ার সুযোগ পান। দ্য ক্র্যানবেরিজের 'জম্বি' গান দিয়ে বিচারকদের মন জয় করা নেনে রক ঘরানার গান পরিবেশন করে দর্শকদের ভোটে চ্যাম্পিয়ন হন।






