অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিওন কোটিলার্ড জানিয়েছেন, অভিনয় জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে তিনি চিন্তিত নন। সম্প্রতি স্পেনের সান সেবাস্টিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা '৭এইচ৪০ সে জু-লা'-এর প্রিমিয়ারে তিনি এ কথা বলেন। কোটিলার্ড বলেন, বর্তমানে এআইয়ের অভিনয় 'আলুর মতো', তবে ভবিষ্যতে এটি উদ্বেগের কারণ হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, এআই কি কখনো দর্শকদের হৃদয় ছুঁতে পারবে? তিনি নিজেও এআইয়ের অভিনয়ে বোকা বনে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন।
২০০৮ সালে 'লা ভি এন রোজ' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতা কোটিলার্ড বলেন, যেদিন এআইয়ের অভিনয় দেখে তার আবেগ আসবে, সেদিন তিনি ভয় পাবেন। তবে আপাতত এআইয়ের অভিনয় দেখে তিনি স্বস্তি পাচ্ছেন। সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উৎসবে তার নতুন সিনেমাটি শীর্ষ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে তিনি একজন সাবেক বিপ্লবী কর্মীর চরিত্রে অভিনয় করেছেন।






