ভারতের তেল ও গ্যাস ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী অনন্ত আম্বানিকে টেকসই উন্নয়ন বিষয়ে অধ্যাপক নিয়োগ করেছে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়। তাঁকে ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা এবং বন্য প্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তাঁর কাজের স্বীকৃতি হিসেবে এ পদ দেওয়া হয়েছে।
তবে, গুজরাটে তাঁর পরিচালিত বিশাল চিড়িয়াখানা ‘ভান্তারা’-য় বিপন্ন প্রজাতির প্রাণী আনা নিয়ে প্রশ্ন থাকায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তি এই নিয়োগের সমালোচনা করেছেন। অনন্ত আম্বানি ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে এবং তিনি নবায়নযোগ্য জ্বালানি বিভাগের নেতৃত্ব দিচ্ছেন।




