রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে 'ফেস দ্য পিপল'-এর ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হয়েছেন। ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সিআরকে কেন্দ্র করে বিরোধের জেরে মারামারির সূত্রপাত হয়। রাত ১০টার দিকে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
হামলার শিকার সাংবাদিক জানান, তিনি ঝামেলা দেখে সেখানে দাঁড়ালে চার-পাঁচজন তাকে মারধর শুরু করে এবং তার ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী বলে জানা গেছে। ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




