মাগুরা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার একটি অস্বাভাবিক বিল আসার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে এই ভৌতিক বিলটি ইস্যু করা হয়। স্বাভাবিক বিল ১ হাজার ৯৬৩ টাকার বিপরীতে ডিমান্ড চার্জসহ এই বিশাল অঙ্কের বিল আসায় গ্রাহক ও সংশ্লিষ্ট মহল হতবাক। বিদ্যুৎমন্ত্রী ওই গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।




