ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে শরৎকালে কাশফুলের অপরূপ সৌন্দর্য দেখা দিয়েছে। দিগন্তজুড়ে ফুটে থাকা শুভ্র কাশফুল পুরো চরকে ঢেকে দিয়েছে, যা দূর থেকে দেখলে মনে হয় যেন সাদা চাদর বিছানো হয়েছে। পদ্মার বাতাসে হাজার হাজার কাশফুল একসঙ্গে দুলছে, যা এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করেছে।
সদরপুরের আকোটেরচর ইউনিয়নের আকোট বাজার সংলগ্ন বিশাল চরজুড়ে এই কাশবন তৈরি হয়েছে। যতদূর চোখ যায় কেবলই কাশফুলের শুভ্রতা। বাতাসের তালে তালে কাশফুলগুলো ঢেউয়ের মতো দুলে ওঠে। কোমর সমান থেকে মানুষের উচ্চতাকেও ছাড়িয়ে যাওয়া এই কাশফুল পথচারী ও দর্শনার্থীদের মুগ্ধ করছে।




