বাংলাদেশ সরকার হারানো, চুরি বা নষ্ট হওয়া পাসপোর্ট পুনরায় ইস্যুর জন্য নতুন নির্দেশনা জারি করেছে। প্রথমবার এমন ঘটনা ঘটলে কোনো অতিরিক্ত দণ্ড ফি লাগবে না, তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই পরিপত্রে বলা হয়েছে, পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাসপোর্ট হারালে বা চুরি হলে অনতিবিলম্বে অধিদপ্তরের ওয়েবসাইটে রিপোর্ট করতে হবে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডি যাচাইয়ের পর ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন না পেলে জিডির কপি দিয়ে আবেদন করা যাবে।





